বাণী
বিসমিল্লাহির রাহমানির রাহিম
فَسۡـــَٔلُوۡۤا اَهۡلَ الذِّكۡرِ اِنۡ كُنۡتُمۡ لَا تَعۡلَمُوۡنَۙ ٤٣
ফাছআলূ আহলায যিকরি ইন কুনতুম লা-তা‘লামূন।
অর্থাৎ, “তোমরা যদি না জানো, তবে জ্ঞানীদেরকে জিজ্ঞেস কর।”
সূরা আন-নাহল, আয়াত ৪৩
বাংলার জীবন্ত কিংবদন্তি, চেরাগে পাঞ্জাতন (আঃ)-এর আশেক, সূফী জগতের উজ্জ্বল নক্ষত্র, বাউল সম্রাট ও সূফী সাধক ক্বারী আমীর উদ্দিন সাহেব তাঁর সাধনা, চিন্তা, জ্ঞান ও আধ্যাত্মিক অনুভবের আলোকে যে অমূল্য সৃষ্টি উপহার দিয়েছেন, তা নিঃসন্দেহে বাংলা সাহিত্য ও ধর্মীয় ভাবধারার জগতে এক ব্যতিক্রমধর্মী সংযোজন।
তাঁর রচিত “ছন্দে ছন্দে কোরআনুল কারীম” একটি মহৎ, হৃদয়স্পর্শী ও চিন্তাজাগানিয়া প্রয়াস। আল্লাহ পাকের পবিত্র বাণীকে ছন্দের সৌন্দর্যে, সহজবোধ্য ভাষার মাধুর্যে এবং আধ্যাত্মিক ভাবের গভীরতায় মানুষের কাছে উপস্থাপন করার এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। এ গ্রন্থ পাঠকের অন্তরে কোরআনের প্রতি প্রেম, শ্রদ্ধা ও অনুধাবনের আগ্রহ জাগিয়ে তুলবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
বর্তমান সময়ে যখন মানুষ জ্ঞান, আত্মশুদ্ধি ও সত্যপথের দিশা খুঁজছে, তখন এমন একটি গ্রন্থ পাঠকের চৈতন্যভাণ্ডারকে জাগ্রত করতে সহায়ক হবে। এটি শুধু একটি সাহিত্যকর্ম নয়, বরং হৃদয়ের গভীর অনুভূতি, ঈমানি ভালোবাসা এবং আধ্যাত্মিক সাধনার এক উজ্জ্বল প্রকাশ।
পরম শ্রদ্ধেয় মামাজান সূফী সাধক ক্বারী আমীর উদ্দিন সাহেবের স্বহস্তে রচিত সহস্র লিখনীর মাঝে “ছন্দে ছন্দে কোরআনুল কারীম” এক অমূল্য রত্ন। এ রচনার প্রতিটি পঙ্ক্তিতে রয়েছে ভাব, ভক্তি, জ্ঞান ও প্রেমের অপূর্ব সমন্বয়। তাঁর এই অমর সৃষ্টি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের পাঠকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আমি এই মহৎ গ্রন্থের প্রকাশ উপলক্ষে আন্তরিক আনন্দ প্রকাশ করছি। একই সঙ্গে জীবন্ত কিংবদন্তি জনাব আমীর উদ্দিন মামার অমর সৃষ্টির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও অবিরাম শুভকামনা।
আল্লাহ পাক যেন এই গ্রন্থকে কবুল করেন এবং এর মাধ্যমে অসংখ্য মানুষের অন্তরে পবিত্র কোরআনের আলো, জ্ঞান ও ভালোবাসা পৌঁছে দেন। আমিন।
বিনীত,
মুফতি শামস তিবরীজ সাদকপুরী
আরবী প্রভাষক
ইসলামাবাদ আলিম মাদ্রাসা
ব্রাহ্মণপাড়া, কুমিল্লা
চেয়ারম্যান
নজরুলীয়া ফাউন্ডেশন বাংলাদেশ
প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী