৬ ই মে অনুষ্ঠিত হতে যাচ্ছে হযরত ডাল চাল মিয়া (রহঃ)-এর বার্ষিক ওরশ শরীফ - ডলি আক্তার মাইজভাণ্ডারী
আধ্যাত্মিকতার এক মহিমান্বিত আয়োজনকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ঐতিহ্যবাহী বড় কুমিরা দরবার শরীফে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রখ্যাত আউলিয়া হযরত ডাল চাল মিয়া (রহঃ)-এর পবিত্র মহান বার্ষিক ওরশ শরীফ। আগামী ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার (২৩শে বৈশাখ) এই ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত, আশেক ও ধর্মপ্রাণ মুসল্লিরা এই ওরশ শরীফে অংশগ্রহণ করবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে। ওরশ উপলক্ষে দরবার প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে দোয়া, জিকির, মিলাদ মাহফিল এবং বিভিন্ন আধ্যাত্মিক কার্যক্রম।
জানা যায়, হযরত মাওলানা শাহসূফী শেখ সৈয়দ কমর আলী শাহ (রহঃ), যিনি ডাল চাল মিয়া নামে অধিক পরিচিত, ছিলেন একজন প্রখ্যাত আধ্যাত্মিক সাধক ও ইসলাম প্রচারক। তাঁর জীবনের মূল লক্ষ্য ছিল মানবসেবা, ইসলামের সুমহান বাণী প্রচার এবং মানুষের অন্তরে আধ্যাত্মিক জাগরণ সৃষ্টি করা। তাঁর অসংখ্য কারামত ও আউলিয়ায়ে কেরামের খেদমতে অবদান আজও ভক্তদের মাঝে গভীরভাবে স্মরণীয়।
প্রতি বছর এই ওরশ শরীফে অংশ নিতে আসা ভক্তরা বিশ্বাস করেন, এখানে উপস্থিত হয়ে দোয়া ও জিকিরে অংশগ্রহণ করলে আল্লাহর রহমত ও বরকত লাভ করা যায় এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন সমস্যার সমাধান ও হাজত পূরণের আশা পূরণ হয়।
আয়োজকরা জানিয়েছেন, ওরশ উপলক্ষে সকল ধর্মপ্রাণ মুসলমানদের জন্য উন্মুক্ত এই মাহফিলে অংশগ্রহণের জন্য সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা আরও বলেন, “আপনাদের উপস্থিতি এই আধ্যাত্মিক অনুষ্ঠানকে আরও বরকতময় করে তুলবে।”
উল্লেখ্য, বড় কুমিরা দরবার শরীফ দীর্ঘদিন ধরে দক্ষিণ চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত, যেখানে প্রতিবছর বিভিন্ন ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়ে থাকে।
প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী